কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে নিয়মিত মামলার পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তিন মাদকসেবীকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি.এম.এ মজিদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার নাইঘর (আটকিল্লা পাড়া) এলাকায় অভিযান চালায়। এ সময় নিয়মিত মামলার পলাতক আসামি মোঃ সবুজ মিয়াকে (২৮) গ্রেপ্তার করা হয়। সবুজ ওই এলাকার মোঃ রহমত আলীর ছেলে।
এর আগে শুক্রবার (২৪ জুলাই) এসআই মোঃ শামীম হোসেনের পরিচালনায় অপর এক অভিযানে তিন মাদকসেবীকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাহেবাবাদ গ্রামের মৃত মাহফুজ মিয়া চৌধুরীর ছেলে মোঃ মামুন মিয়া চৌধুরী (২৯) এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নানচিরি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মোঃ আকবর আলীকে (৩২) ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া সাহেবাবাদ এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ মুজিব মিয়াকে (৪৫) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, "মাদক সেবনের অপরাধে তিনজনকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।"
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। সাজাপ্রাপ্ত তিন মাদকসেবী ও নিয়মিত মামলার পলাতক আসামিসহ চারজনকেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"

আপনার মতামত লিখুন :