প্রতিদিনের কাগজে সংবাদে প্রকাশের পর ব্রাহ্মণপাড়ার জলাবদ্ধ সড়ক সংস্কার

মোঃ রেজাউল হক শাকিল , ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ১১:৫১ এএম

 প্রতিদিনের কাগজে সংবাদে প্রকাশের পর ব্রাহ্মণপাড়ার জলাবদ্ধ সড়ক সংস্কার

ফাইল ফটো

​সামান্য বৃষ্টিতেই জলজট আর কাদামাটিতে একাকার হয়ে যেত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের প্রধান সড়কটি। ফলে চরম ভোগান্তিতে পড়েছিলেন ১৭টি গ্রামের হাজার হাজার মানুষসহ স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা। এ নিয়ে স্থানীয় জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক কুমিল্লার কাগজ’-এ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরপরই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। দ্রুত পদক্ষেপ নিয়ে সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হয়েছে।

​উপজেলা সদর এলাকার দীর্ঘভূমি নমশূদ্র বাড়ির পাশের এই গুরুত্বপূর্ণ সড়কটিতে দীর্ঘদিন ধরেই পানি জমে থাকত। একটু বৃষ্টি হলেই যানবাহন উল্টে গিয়ে প্রতিনিয়ত ঘটত দুর্ঘটনা, আহত হতেন পথচারীরা। এ বিষয়ে ‘দৈনিক কুমিল্লার কাগজ’-এ চিত্রসহ বিস্তারিত সংবাদ প্রকাশ করা হয়। ​সংবাদটি নজরে আসার পরই ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের নির্দেশে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। সড়ক থেকে আটকে থাকা পানি নিষ্কাশন করে ইট ও বালু ফেলে গর্তগুলো ভরাট করা হয়। এতে দ্রুত সময়ের মধ্যেই সড়কটি আবার পথচারী ও যানবাহন চলাচলের উপযোগী হয়ে ওঠে।

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রকৌশলী গোলাপ হোসেন ভূইয়া জানান "পত্রিকায় সংবাদটি দেখার পর আমরা বিষয়টি সম্পর্কে অবগত হই। জনভোগান্তি কমাতে প্রাথমিকভাবে ইট ও বালু দিয়ে সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে। পরবর্তীতে স্থায়ী টেকসই সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।" ​প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপ এবং সংবাদমাধ্যমের ইতিবাচক ভূমিকার কারণে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা ১৭টি গ্রামের মানুষের মাঝে এখন স্বস্তি ফিরে এসেছে।

সিয়াম সরিষা
Link copied!