দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা ও প্রতিবাদ মিছিল

দাউদকান্দি উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের সমন্বয়ে মঙ্গলবার সকালে গৌরীপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী ও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সম্প্রতি দাউদকান্দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মহাসড়কে মিছিল করার বিষয় নিয়েও আলোচনা হয়। এ ধরনের কর্মকাণ্ড পুনরায় যাতে না ঘটে, সে বিষয়ে সতর্ক ও সক্রিয় থাকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বক্তারা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. লতিফ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মো: জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো: আসিফ কবির। সভায় সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: আব্দুল বাছেদ। সভা পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন খন্দকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম সরকার, সদস্য সচিব রোমান খন্দকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল সওদাগর, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হাজারী। এছাড়াও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার মোল্লা, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ভূঁইয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল সরকার, সদস্য সচিব পাবেল আহম্মেদ। গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল আহম্মেদ চৌধুরী, হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম শান্ত সহ দাউদকান্দি ও গৌরীপুর এলাকার বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভা শেষে বিএনপির পার্টি অফিস থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকা হয়ে রাবেয়া সিএনজি পাম্প হয়ে গৌরীপুর বাসস্ট্যান্ডে মিছিলটি শেষ হয়। ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং ফ্যাসিবাদবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়।

Link copied!