কুমিল্লায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মো:ইকরামুল হাসান , দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ০৬:৪৪ পিএম

কুমিল্লায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ফাইল ফটো

কুমিল্লার কোটবাড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়নের সদর দপ্তর প্রাঙ্গণে প্রায় ৫২ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে বিজিবি জানায়, কুমিল্লা ১০ বিজিবি ও সুলতানপুর ৬০ বিজিবি গত তিন থেকে চার বছরে সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৫১ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ১২৫ টাকা।

বিজিবির কর্মকর্তারা বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশে মাদক প্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হচ্ছে, এ বিষয়ে সকলের একান্ত সহযোগিতা প্রয়োজন। এ জন্য সীমান্ত এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের ব্যবহার বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রমও শক্তিশালী করা হবে।

মাদক ধ্বংস কার্যক্রমে কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রাকিবুল হাসান, জেলা প্রশাসক রোজী আক্তার, ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ, র‍্যাব-১১-এর কোম্পানী কমান্ডার মেজর সাদমান ইবনে আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিয়াম সরিষা
Link copied!