চট্টগ্রাম জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মাহবুবের রহমান শামীম জানিয়েছেন, সরকারের পাশাপাশি দল হিসেবে বিএনপিও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবে। মঙ্গলবার দুপুর ১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে ত্রাণসামগ্রী ও ঢেউটিন বিতরণ পরবর্তী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বন্যা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি এবং বিএনপির নেতৃবৃন্দরা বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। আমি চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই বন্যাদুর্গত এলাকায় এসেছি। মূলত যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সেজন্য আমরা এখানে এসেছি। যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদেরকে পুনর্বাসন করব।
মাহবুবের রহমান শামীম বলেন, সরকারের পক্ষ থেকে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এ ছাড়াও দলের পক্ষ থেকে আমাকে সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছিল। বর্তমানে আমরা কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতে ক্ষতিগ্রস্তদের দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আলমগীর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য নাজমুল মোস্তফা আমিন, যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, মুজিবুর রহমান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।
এর আগে একইদিন সকাল ১১টার দিকে মাহবুবের রহমান শামীম সাতকানিয়া উপজেলা কৃষকদলের উদ্যোগে এওচিয়া ইউনিয়নে আয়োজিত পৃথক এক অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ এবং বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।
সেখানে বক্তব্যে তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও কৃষি পুনরুদ্ধারে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি সবাইকে বাড়ির আঙিনা ও খালি জায়গায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :