নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বসুরহাট দারুল হিকমাহ মাদরাসায় শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান বৃদ্ধি, নৈতিক ও চারিত্রিক বিকাশ, শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে তিন দিনব্যাপী শ্রেণিভিত্তিক অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
তিন দিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভায় শিক্ষার্থীদের প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল, একাডেমিক অগ্রগতি, শ্রেণিকক্ষে অংশগ্রহণ, উপস্থিতি, আচরণ, নৈতিক শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের আরও দক্ষ, সুশৃঙ্খল ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
মাদরাসার শিক্ষক কো-অর্ডিনেটর হাফেজ আবিদুর রহমান এবং সহকারী মৌলভী মাওলানা বোরহান উদ্দিন-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রধান শিক্ষক মুফতি আব্দুল্লাহ আল নোমান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদরাসার চেয়ারম্যান ও প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা ফয়জুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক নুর নবী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার ক্যাম্পাস ইনচার্জ মাওলানা ওবায়দুল্লাহ হাসান, ফিন্যান্স ডিরেক্টর ওয়াহিদ হোসেন, পরিচালক মুহাম্মাদ হোসাইন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের বিপুলসংখ্যক অভিভাবক।
সভায় শিক্ষকবৃন্দ প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন। পাশাপাশি শিক্ষার্থীদের পাঠ্যসূচি বাস্তবায়ন, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং শিক্ষার মান উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। যেসব শিক্ষার্থীর উন্নতির প্রয়োজন রয়েছে, তাদের বিষয়ে অভিভাবকদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়।
মতবিনিময় পর্বে অভিভাবকরা শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ, সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং নিয়মিত অভিভাবক-শিক্ষক যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা মাদরাসার সার্বিক শিক্ষা কার্যক্রমের প্রশংসা করে শিক্ষার্থীদের আরও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন। মাদরাসা কর্তৃপক্ষ এসব মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সফলতা কেবল শিক্ষকদের প্রচেষ্টার ওপর নির্ভরশীল নয়; বরং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা, আস্থা ও নিয়মিত যোগাযোগের মাধ্যমে একটি কার্যকর শিক্ষাব্যবস্থা গড়ে ওঠে। দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞানে সমৃদ্ধ, নৈতিক মূল্যবোধসম্পন্ন, শৃঙ্খলাবোধসম্পন্ন ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং অভিভাবকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের অভিভাবক সমাবেশ, মতবিনিময় সভা ও সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হবে। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং মাদরাসার সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি, মাদরাসার সার্বিক উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। পরে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী শ্রেণিভিত্তিক অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন :