ছেলে হত্যা: ১৮ বছর পরও বিচার মেলেনি, প্রাণনাশের হুমকি ও জমি দখলের অভিযোগ সাবেক ইউপি সদস্যের

ফখরুল ইসলাম , চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ০১:৩৭ পিএম

ছেলে হত্যা: ১৮ বছর পরও বিচার মেলেনি, প্রাণনাশের হুমকি ও জমি দখলের অভিযোগ সাবেক ইউপি সদস্যের

কুমিল্লার চান্দিনা উপজেলার ১২ নং বরকরই ইউনিয়নের লেংরামুরী গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য দেলোয়ারা হোসেন অভিযোগ করেছেন, তাঁর ছেলে জাকির হোসেন হত্যার ঘটনার প্রায় ১৮ বছর পেরিয়ে গেলেও এখনো বিচার পাননি। একই সঙ্গে তিনি আদালতে বিচার প্রক্রিয়ার অবস্থায় প্রাণনাশের হুমকি এবং জমি দখলের অভিযোগও তুলে ধরেছেন।

রবিবার (২৬ জুলাই) নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দেলোয়ারা হোসেন বলেন, ২০০৮ সালে পারিবারিক জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাঁর ছেলে জাকির হোসেনকে হত্যা করা হয়। ঘটনার পর তিনি বাদী হয়ে কুমিল্লার আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি অভিযোগ করেন, মামলাটি দীর্ঘদিন বিচারাধীন থাকার পর ২০২৫ সালে আদালতে ভুল তথ্য উপস্থাপন করে বলা হয় যে মামলার বাদী মারা গেছেন। ওই অভিযোগের ভিত্তিতে আদালত মামলাটি খারিজ করে দেন। অথচ তিনি জীবিত রয়েছেন এবং এখনো ন্যায়বিচারের প্রত্যাশায় আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

দেলোয়ারা হোসেন আরও বলেন, পরবর্তীতে তিনি হাইকোর্টে আপিল করলে মামলার বিবাদীরা তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এছাড়া অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাঁদের পারিবারিক জমি জোরপূর্বক দখল করে ভোগদখল করছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হত্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা দেলোয়ারা হোসেনের আনা অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে ভিত্তিহীন বলে দাবি করেন।

সিয়াম সরিষা
Link copied!