কক্সবাজারের সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পানের বরজ উচ্ছেদে অভিযান চালাতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। দেশীয় অস্ত্র নিয়ে হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। বন বিভাগ জানায়, সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে ওঠা অবৈধ পানের বরজ উচ্ছেদে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বনকর্মীরা ঘটনাস্থলে গেলে একদল দখলদার ও তাদের সহযোগীরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা গুরুতর আহত হন।
আহতরা হলেন পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম, বাগান মালি মো. সাজিদ এবং ইআরটি সদস্য মিজানুর রহমান। তাদের মধ্যে রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমসহ তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে বন বিভাগ জানিয়েছে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংরক্ষিত বনভূমি রক্ষায় নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনার সময় পরিকল্পিতভাবে বনকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, হামলার ঘটনায় পানেরছড়া সমিতিপাড়া ও দক্ষিণ মিঠাছড়ি এলাকার ৬ নম্বর ওয়ার্ডের নাজির (৫০), সাহাবউদ্দিন, জসিম ও আবদুল্লাহর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এছাড়া আরও কয়েকজনের অংশগ্রহণের অভিযোগ রয়েছে। তাদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।
বন বিভাগের কর্মকর্তাদের অভিযোগ, সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করতে গেলেই একটি সংঘবদ্ধ চক্র হামলা, বাধা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সরকারি অভিযান প্রতিহত করার চেষ্টা করছে। সর্বশেষ এ হামলার ঘটনায় বনকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বনভূমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জোরালো হয়েছে।

আপনার মতামত লিখুন :