কক্সবাজার চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধানের বীজ বিতরণ

কক্সবাজার চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধানের বীজ বিতরণ

ফাইল ফটো

২০২৬-২৭ অর্থবছরের প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং আমন চাষে উৎসাহিত করতে আমন ধানের বীজ বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সোমবার (২৭ জুলাই'২৬ ) সকাল ১০টায় চকরিয়া উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে এক বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন, চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাত জাহান সুইটি, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তাসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে জানানো হয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নবসৃষ্ট মাতামুহুরী উপজেলার ২ হাজার এবং চকরিয়া উপজেলার ২ হাজার ৫৭১ জন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। কর্মসূচির আওতায় প্রতি কৃষককে ৫ কেজি করে উন্নতমানের আমন ধানের বীজ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ঘুরে দাঁড়াতে সরকারের এ প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি কৃষকদের যথাযথভাবে বীজ ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষকদের পাশে রয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিনামূল্যে উন্নতমানের আমন ধানের বীজ বিতরণের মাধ্যমে কৃষকরা পুনরায় চাষাবাদে উদ্বুদ্ধ হবেন এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে। একই সঙ্গে সরকারের কৃষিবান্ধব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের আর্থিক পুনর্বাসন ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সিয়াম সরিষা
Link copied!