মোহাম্মদ আইয়ুব ,মাতামুহুরী :কক্সবাজার জেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার ৫ হাজার পরিবারের মাঝে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা বিতরণ করছে আইএসডিই বাংলাদেশ। এ কর্মসূচির ধারাবাহিকতায় সোমবার (২৭ জুলাই) মাতামুহুরি উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৫১৫ বন্যাকবলিত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।
সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের (KSrelief) অর্থায়নে পরিচালিত এ মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে আইএসডিই বাংলাদেশ। আয়োজকদের ভাষ্য, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের ও অসহায় পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই পর্যায়ক্রমে এ সহায়তা বিতরণ করা হচ্ছে।
প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ লিটার সয়াবিন তেল, ৩ কেজি চিনি এবং ১ কেজি লবণ সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ খাদ্য প্যাকেজ দেওয়া হয়। আয়োজকদের মতে, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক খাদ্যসংকট মোকাবিলায় এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাতামুহুরি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মাতামুহুরি উপজেলা শ্রমিকদলের সভাপতি মাহফুজুর রহমান এনাম,পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দীন এবং বিশিষ্ট সমাজসেবক মনসুর উদ্দীন আহমেদ।
আইএসডিই বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন কর্মসূচিসমন্বয়কারী জাহাঙ্গীর আলম এবং চকরিয়া উপজেলা ব্যবস্থাপক জালাল উদ্দীন।অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, “সাম্প্রতিক বন্যায় অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। এমন সময়ে খাদ্য সহায়তা তাদের জন্য তাৎপর্যপূর্ণ স্বস্তি নিয়ে এসেছে। মানবিক এ উদ্যোগের জন্য আইএসডিই বাংলাদেশ ও সহযোগী প্রতিষ্ঠানকে ধন্যবাদ।
মাতামুহুরি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবাবের দাঁড়ানোর জন্য আইএসডিইকে জানাই ধন্যবাদ। এসব সহযোগিতায় অসহায় পরিবার গুলোর অনেক কষ্ট থেকে মুক্ত হবে। আইএসডিই বাংলাদেশের কর্মসূচি সমন্বয়কারী জাহাঙ্গীর আলম বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে ৫ হাজার পরিবারের সবার কাছেই এ সহায়তা পৌঁছে দেওয়া হবে।
খাদ্য সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে সুবিধাভোগীরা বলেন, বন্যার কারণে অনেক পরিবারের ঘরবাড়ি ও জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সময়ে এই খাদ্য সহায়তা তাঁদের পরিবারের জন্য বড় সহায়তা হয়ে এসেছে এবং কয়েক দিনের জন্য হলেও খাদ্যের দুশ্চিন্তা কমিয়েছে। আইএসডিই বাংলাদেশ জানায়, এর আগে হোস্ট কমিউনিটির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল, বন্যাকবলিত এলাকা এবং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসহ প্রায় ৫৮ হাজার ৫০০ সুবিধাভোগীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সংস্থাটি জানায়, দুর্যোগ ও মানবিক সংকটে থাকা মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :