কালিয়াকৈর পৌর নির্বাচনে চমক দেখাতে পারেন শ্রমিকনেতা জসিম উদ্দিন

তুষার আহম্মেদ , কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ০৫:১২ পিএম

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম। এর মধ্যেই জনসম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘদিনের শ্রমিক রাজনীতির অভিজ্ঞতায় বিশেষভাবে আলোচনায় উঠে এসেছেন শ্রমিকনেতা দেওয়ান মোহাম্মদ জসিম উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ সময় ধরে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। মাঠপর্যায়ে তার এই ধারাবাহিক উপস্থিতি ও কাজের কারণে সাধারণ মানুষের কাছে তিনি একটি নির্ভরযোগ্য নাম হিসেবে পরিচিতি পেয়েছেন।

রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় এই নেতা কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনের সময় তিনি সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি কর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, দেওয়ান মো. জসিম উদ্দিন সবসময় মানুষের বিপদ-আপদে এগিয়ে আসেন। বিশেষ করে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি তাদের আস্থা অর্জন করেছেন। ফলে তার প্রতি সাধারণ ভোটারদের সমর্থন ধীরে ধীরে বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, “তিনি কথা কম বলেন, কাজ বেশি করেন। এলাকার মানুষের সঙ্গে তার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। মেয়র হিসেবে দায়িত্ব পেলে তিনি পৌরসভার উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন।”

এ বিষয়ে দেওয়ান মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। আমি চাই কালিয়াকৈর পৌরসভাকে একটি সুশাসিত, পরিকল্পিত ও নাগরিকবান্ধব এলাকায় রূপান্তর করতে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে দীর্ঘদিনের সক্রিয়তা, শ্রমিক রাজনীতিতে অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক এই তিনটি বিষয় তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রেখেছে। নির্বাচনী মাঠে তার উপস্থিতি ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে বলেও তারা মনে করছেন।

সার্বিকভাবে বলা যায়, কালিয়াকৈর পৌরসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা বাড়ছে। তবে বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকনেতা দেওয়ান মোহাম্মদ জসিম উদ্দিনকে ঘিরেই সবচেয়ে বেশি আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।

Advertisement

Link copied!