বাঙালির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা ধারণের আহ্বান জানিয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য ড. জি.কে.এম মোস্তাফিজুর রহমান। পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলা সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করতে হবে—এটাই আমাদের পরিচয়, এটাই আমাদের শক্তি।”
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নববর্ষ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। তিনি আরও বলেন, “নতুন প্রজন্মকে বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে হবে। শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধের সমন্বয়েই একটি উন্নত ও মানবিক সমাজ গড়ে উঠতে পারে।”
তিনি উল্লেখ করেন, পহেলা বৈশাখ কেবল একটি উৎসব নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে এ উৎসব সার্বজনীন হয়ে উঠেছে। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করতে হবে, তবেই আমরা আমাদের শিকড়ের সঙ্গে সংযুক্ত থাকতে পারব।”
দিনব্যাপী অনুষ্ঠানে ছিল বর্ণিল শোভাযাত্রা, গ্রামীণ খেলাধুলা, পান্তা-ইলিশ উৎসব, সাংস্কৃতিক পরিবেশনা ও মেলার আয়োজন। এতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ তাদের পরিবার-পরিজন স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আয়োজকরা জানান, বাঙালি সংস্কৃতির নানা উপাদান তুলে ধরার মাধ্যমে নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে গাকৃবিতে উদযাপিত পহেলা বৈশাখ হয়ে উঠেছে ঐতিহ্য, আনন্দ ও মিলনের এক অনন্য উৎসব।
আপনার মতামত লিখুন :