বৈশাখী শোভাযাত্রায় নতুন আকর্ষণ, সম্মুখসারিতে ডিএমপির অশ্বারোহী দল

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬, ০১:২৪ পিএম

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশাখী শোভাযাত্রায় যুক্ত হয়েছে নতুন মাত্রা। শোভাযাত্রার একেবারে সামনে অংশ নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সুসজ্জিত অশ্বারোহী দল, যা দর্শনার্থীদের মধ্যে সৃষ্টি করেছে বাড়তি উচ্ছ্বাস।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া শোভাযাত্রার সামনের সারিতেই অবস্থান নেয় ডিএমপির অশ্বারোহী ইউনিট।

অশ্বারোহী দলের নেতৃত্ব দেওয়া উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, এবারের আয়োজনে ২০টি সুসজ্জিত ঘোড়া অংশ নিয়েছে। এসব ঘোড়া বিশেষভাবে প্রশিক্ষিত এবং বড় জনসমাগমে নিয়ন্ত্রিতভাবে চলাচলের উপযোগী করে প্রস্তুত করা হয়েছে।

তিনি আরও জানান, ব্যবহৃত ঘোড়াগুলো ‘থ্রোব্রেড রাইডিং হর্স’, যা তাদের গতি, সহনশীলতা ও নিয়ন্ত্রিত আচরণের জন্য পরিচিত।

শোভাযাত্রায় অংশ নিতে আসা মানুষের মধ্যে অশ্বারোহী দলকে ঘিরে ছিল বাড়তি কৌতূহল। অনেকে ছবি তুলেছেন, কেউ আবার নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে কাছ থেকে দেখার চেষ্টা করেছেন।

এবারের বৈশাখী শোভাযাত্রায় ‘মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া’—এই পাঁচটি মোটিফ বিশেষভাবে স্থান পেয়েছে। লোকজ প্রতীকের ধারায় এগুলো শক্তি, সৃজনশীলতা, শান্তি, গৌরব ও গতিময়তার প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে।

এ ছাড়া ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর পরিবেশনা শোভাযাত্রায় যোগ করেছে প্রাণবন্ত আবহ। প্রায় ২০০ জন শিক্ষার্থী জাতীয় পতাকা বহন করে অংশ নিয়েছেন এই বর্ণাঢ্য আয়োজনে।

Link copied!