ঝড়ে গাছ ভেঙে ট্রেন চলাচল বন্ধ, চার ঘণ্টা পর স্বাভাবিক

আ. ন. ম. রিসালাত আলিফ , বাকৃবি সংবাদদাতা

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬, ০১:০৮ পিএম

প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ। বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর জব্বারের মোড় এলাকার কাছে রেললাইনের ওপর একটি গাছ ভেঙে পড়ে। ঝড়ের প্রভাবে হঠাৎ গাছটি উপড়ে গিয়ে লাইনের ওপর পড়ায় ওই পথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় ময়মনসিংহগামী ‘যমুনা এক্সপ্রেস’ ট্রেনটি ঘটনাস্থলের কাছাকাছি আটকে পড়ে এবং যাত্রীদের মধ্যে সাময়িক ভোগান্তির সৃষ্টি হয়।

ঘটনার খবর পাওয়ার পর দ্রুত পুলিশ ও বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পাওয়ার পর রাত প্রায় ১০টার দিকে উদ্ধারকাজ শুরু করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, গাছটি বড় হওয়ায় সেটি অপসারণ করতে কিছুটা সময় লেগেছে। টানা প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর রাত সোয়া ১টার দিকে গাছটি সম্পূর্ণভাবে রেললাইন থেকে সরানো সম্ভব হয়।

গাছ অপসারণের পর রেলপথ পরিষ্কার করা হলে ধীরে ধীরে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

Advertisement

Link copied!