মিরসরাইয়ে সালিশি বৈঠকে হামলায় বৃদ্ধ নিহত

নুর হোসেন মিয়া , মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬, ০৮:৪২ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শফিউল আলম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের মধ্যম আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, দুইদিন আগের একটি বিরোধ মীমাংসার জন্য শুক্রবার দুপুরে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে প্রতিপক্ষের রিপন, রিংকুসহ কয়েকজন যুবক হঠাৎ করে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় পরিবারের সদস্যদের রক্ষা করতে গেলে হামলাকারীদের কিল-ঘুষিতে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিউল আলমকে মৃত ঘোষণা করেন।

মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা আক্তার জানান, “একজন বৃদ্ধকে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে।”

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, “ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।”

Advertisement

Link copied!