আগৈলঝাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

সৈকত বাড়ৈ , আগৈলঝাড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ০৩:১১ পিএম

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।

গতকাল রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিবের সভাপতিত্বে গৈলা আল ফারুক এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এ পুষ্টিকর খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শিশির কুমার গাইন, ডা. মিরন হালদার, ডা. শামীম হোসেন, গৈলা আল ফারুক এতিমখানা ও মাদ্রাসার সুপার মাওলানা সৈয়দ ইমরান, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব শিক্ষার্থীদের উদ্দেশ্যে সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা এবং শরীরের সঠিক বৃদ্ধি ও বিকাশে পুষ্টির ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মেধাবী ও সুস্থ নাগরিক হিসেবে গড়ে তুলতে শৈশব থেকেই সঠিক পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাদ্যের গুরুত্বও তিনি তুলে ধরেন।

অতিথিরা বলেন, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ শিশুদের স্বাস্থ্য বিষয়ে আরও সচেতন করে তুলবে।

আলোচনা সভা শেষে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Advertisement

Link copied!