তাড়াইলে প্রশাসনের অভিযান,বিপুল পরিমান ডিজেল জব্দ ও জরিমানা

মো ওমর খান সানি , তাড়াইল, কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ০১:৪৮ পিএম

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় অবৈধ জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে জোরালো অভিযান চালিয়েছে প্রশাসন। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে কাওয়ালী বাজার এলাকায় পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উপজেলার ধলা ইউনিয়নের আজবপুর গ্রামের কেনু মিয়ার ছেলে মো.কামাল(৪০) এর হেফাজত থেকে আনুমানিক ৩ হাজার ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। অবৈধভাবে মজুত ও বিক্রির অভিযোগে তাকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন তাড়াইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার। অভিযানে তাড়াইল থানা পুলিশের একটি দল সক্রিয়ভাবে সহযোগিতা করে এবং পুরো কার্যক্রমে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে ডিজেল মজুত করে বাজারে বিক্রি করছিল—যার ফলে একদিকে যেমন সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল, অন্যদিকে সাধারণ ভোক্তারাও প্রতারণার শিকার হচ্ছিলেন। প্রশাসনের এই হঠাৎ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, পেট্রোলিয়াম আইন ২০১৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারার আওতায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানের সময় জব্দকৃত ডিজেল পরবর্তী আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তির জন্য সংরক্ষণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,এ ধরনের অভিযান নিয়মিত হলে অবৈধ ব্যবসা অনেকটাই কমে আসবে। তারা ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,জনস্বার্থে অবৈধ জ্বালানি ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

Link copied!