রাজশাহী চেম্বার অব কমার্সের নবনির্বাচিত পর্ষদের শপথ গ্রহণ সম্পন্ন

আজিজুল ইসলাম , রাজশাহী জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬, ০৮:২৯ পিএম

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় চেম্বার ভবন মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শপথ গ্রহণ সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাকসুদুল হক রিংকু। শপথ গ্রহণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “চেম্বারের এবারের নির্বাচন অতীতের যেকোনো সময়ের চেয়ে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।” তিনি নতুন পর্ষদকে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে রাজশাহীর ব্যবসায়িক ও অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, পদ বা ‘চেয়ার’ বড় কথা নয়, বরং পদের মর্যাদা রক্ষা করে জনকল্যাণে সঠিক কর্মপন্থা নির্ধারণ করাই আসল। তিনি আরও বলেন, “টেকসই পরিবর্তনের জন্য ধৈর্য ও সময়ের প্রয়োজন। আমি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজশাহীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই।” তিনি একটি আধুনিক ও পরিকল্পিত শহর গড়তে ব্যবসায়িক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী। এছাড়াও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাজশাহী চেম্বারের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২১টি পদের বিপরীতে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ২ হাজার ৯০০ ভোটারের মধ্যে ২ হাজার ৪৩৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এই নতুন পর্ষদকে নির্বাচিত করেন। শপথ শেষে নবনির্বাচিত সদস্যরা এই অঞ্চলের শিল্প ও বাণিজ্যের প্রসারে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Link copied!