নিয়ামতপুরে বৃদ্ধ ও মেয়েকে পিটিয়ে জখম, বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

আব্দুল্লাহ আল মামুন , নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬, ০৮:১৮ পিএম

নওগাঁর নিয়ামতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে লতিফ (৭০) নামে এক বৃদ্ধ ও তাঁর মেয়েকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় ভুক্তভোগীর বাড়িতে অগ্নিসংযোগ ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে। গত শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরা সাহাপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, জমি দখলকে কেন্দ্র করে গত ২৬ মার্চ প্রতিবেশী আব্দুল মুনার আলীর পরিবারের সাথে লতিফের বাগবিতণ্ডা হয়। এ ঘটনায় লতিফ থানায় অভিযোগ দিলে প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই জের ধরে গত শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে আব্দুল মুনার আলী, তাঁর স্ত্রী জেসমিন আরা, মেয়ে দোলা ও আয়েশাসহ খাইরুল ইসলাম, মোফাজ্জল ও মোতাহার আলী দেশীয় অস্ত্র নিয়ে লতিফের ওপর হামলা চালায়। হামলাকারীরা লতিফের মাথায় লাঠি দিয়ে আঘাত করে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এ সময় বাবাকে বাঁচাতে এগিয়ে এলে মেয়ে রাবেয়াও গুরুতর মারধরের শিকার হন। এমনকি গত শনিবার লতিফের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী লতিফ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করছি। প্রতিপক্ষ মুনার আলী একটি ভুয়া দলিল দেখিয়ে জমিটি দখলের চেষ্টা করছে। স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের সালিশে রায় আমার পক্ষে এসেছে এবং আদালতে মামলাও চলমান রয়েছে। বারবার থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি, বরং তারা আমার ওপর হামলা চালিয়েছে এবং বাড়ি পুড়িয়ে দিয়েছে। আমি এখন প্রাণভয়ে আতঙ্কে রয়েছি।”

লতিফের মেয়ে রাবেয়া জানান, হামলায় তাঁর মাথায় ৭টি এবং বাবার কপালে ও মাথায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে। তাঁর বাবার কোনো ছেলে সন্তান না থাকায় প্রতিপক্ষ জোরপূর্বক জমিটি দখলে নিতে চাইছে।

এ বিষয়ে অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। তবে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।”

Advertisement

Link copied!