তাড়াইলে চার মাস পর কবর থেকে কিশোরী ছনিয়ার লাশ উত্তোলন

মো ওমর খান সানি , তাড়াইল, কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬, ০৮:১৬ পিএম

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের তেউরিয়া গ্রামে নবম শ্রেণির ছাত্রী মোছা. ছনিয়া আক্তার (১৫)-এর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত বছরের ৩১ ডিসেম্বর নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতারের উপস্থিতিতে কবর থেকে ছনিয়ার লাশ উত্তোলন করা হয়। এ সময় নিহতের বাবা তারু খানও উপস্থিত ছিলেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়।

নিহতের বাবা তারু খান গত ১৭ ফেব্রুয়ারি আদালতে ৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়—পরিকল্পিতভাবে ছনিয়াকে হত্যা করা হয়েছে।

তাড়াইল থানার (ওসি) তদন্ত শেখর রঞ্জন পাল জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। আসামিদের বিরুদ্ধে এখনো আদালতের গ্রেফতারি পরোয়ানা না থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি এবং তারা আত্মগোপনে রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Link copied!