আগৈলঝাড়ায় পাঁচ গ্রামের মানুষের দুর্ভোগ চরমে, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

সৈকত বাড়ৈ , আগৈলঝাড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬, ০৮:৩৬ পিএম

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা থেকে চেংগুটিয়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার গ্রামীণ সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন ৫ গ্রামের কয়েক হাজার মানুষ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পিচঢালা সড়কটি এখন খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতায় একাকার হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, সড়কের অধিকাংশ স্থানে পিচ ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির মৌসুমে এসব গর্তে পানি ও কাদা জমে থাকায় যান চলাচল কার্যত অচল। এই সড়ক দিয়ে প্রতিদিন চেংগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাংতা মাধ্যমিক বিদ্যালয়, চেংগুটিয়া আলিয়া মাদ্রাসা ও আগৈলঝাড়া-গৌরনদী সরকারি কলেজের শত শত শিক্ষার্থী যাতায়াত করে। চেংগুটিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিন সুলতানা জানান, শিশু শিক্ষার্থীরা এই রাস্তায় চলতে গিয়ে প্রায়ই হোঁচট খেয়ে ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছে।

স্থানীয় বাসিন্দা বোরহান উদ্দিন তালুকদার ও ইজিবাইক চালক ইসমাইল হোসেন অভিযোগ করেন, খানাখন্দের কারণে প্রতিনিয়ত যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হচ্ছে এবং গাড়ি খাদে পড়ে উল্টে যাচ্ছে। এছাড়া কিছু প্রভাবশালী ব্যক্তির অবৈধ পুকুর খননের ফলে সড়কটি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। স্থানীয় রুহুল আমিন আকন্দ দ্রুত সড়কটি টেকসইভাবে পাকা করার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলার এলজিইডি নির্বাহী প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, “সড়কটির বর্তমান অবস্থা সম্পর্কে আমরা অবগত হয়েছি। দ্রুত সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী বছরের জুনের মধ্যে সড়কটি মেরামতের পরিকল্পনা রয়েছে।”

তবে এলাকাবাসীর দাবি, আগামী জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা মৌসুমে এই সড়ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই জরুরি ভিত্তিতে অন্তত অস্থায়ী সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করার আহ্বান জানিয়েছেন তারা।

Link copied!