মোঃ সাইফুল ইসলাম, কটিয়াদী: কিশোরগঞ্জের কটিয়াদীতে মুল ধারার সাংবাদিকদের দমিয়ে রাখতে ষড়যন্ত্রকারী ‘ফ্যাসিস্ট আওয়ামী দোসর’ সাংবাদিক কর্তৃক দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে কটিয়াদী প্রেস ক্লাব ও উপজেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায় কটিয়াদী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই মানববন্ধনে উপজেলা কর্মরত অধিকাংশ সংবাদকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা মিথ্যা মামলার নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এবং সত্য আড়াল করতেই চিহ্নিত ফ্যাসিস্টরা সাংবাদিকদের বিরুদ্ধে এই কাল্পনিক মামলা দায়ের করেছে। সাংবাদিকদের ভয় দেখিয়ে সত্য বলা থেকে বিরত রাখা যাবে না। এই ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।
এছাড়াও বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধনে কটিয়াদী প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ উপজেলায় কর্মরত জাতীয় দৈনিক, আঞ্চলিক পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধগণ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :