কক্সবাজারের উখিয়া উপজেলায় কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা “মুক্তি কক্সবাজার এনজিও”-এর মানবসম্পদ (এইচআর) বিভাগের এক সহযোগী কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয় চাকরিপ্রত্যাশীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংস্থাটির বিভিন্ন প্রকল্পে নিয়োগ কার্যক্রমে উখিয়ার স্থানীয় যোগ্য প্রার্থীদের যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে না। অভিযোগ রয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় বাইরের এলাকার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যার ফলে স্থানীয় শিক্ষিত যুবকদের মধ্যে হতাশা বাড়ছে।
একাধিক চাকরিপ্রত্যাশী জানান, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকার পরও তারা বারবার উপেক্ষিত হচ্ছেন। তাদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট এইচআর কর্মকর্তা নিয়োগ বোর্ডে প্রভাব খাটিয়ে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিচ্ছেন, যা পুরো নিয়োগ ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে।
উখিয়ার সচেতন মহলের মতে, স্থানীয় জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছে। তাই এনজিওগুলোর উচিত স্থানীয় জনগণের প্রতি দায়িত্বশীল আচরণ করা এবং নিয়োগের ক্ষেত্রে তাদের ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত করা। অন্যথায় সামাজিক অসন্তোষ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এ বিষয়ে “মুক্তি কক্সবাজার এনজিও”-এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংস্থার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হতে পারে।
এদিকে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কোনো প্রতিষ্ঠানে নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি বা বৈষম্যের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়সঙ্গত নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করা হবে।
আপনার মতামত লিখুন :