নাগরপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬ এর উদ্বোধন

টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার, ৫ই মে, উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এই সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর সহধর্মিণী মনোয়ারা বেগম মুকুল।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৬ শত ৯৭ মেট্রিক টন বোরো ধান এবং মিলারদের কাছ থেকে ৪২ টাকা কেজি দরে ৬ শত ৭৬ মেট্রিক টন বোরো সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশিদুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মুক্ত রানী, এবং খাদ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. জহিরুল ইসলাম। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নাজমুল হক স্বাধীন, শ্রমিকদলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, যুবদলের সাবেক সদস্য সচিব মো. রফিকুল ইসলাম দীপ, এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি। অনুষ্ঠানে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় কৃষকরা অংশ নেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রান্তিক কৃষকরা যাতে ধান বিক্রি করে ন্যায্য মূল্য পান, তা নিশ্চিত করতে এই অভিযান কার্যকর ভূমিকা রাখবে। কোনো প্রকার মধ্যস্বত্বভোগী ছাড়াই ডিজিটাল পদ্ধতিতে সরাসরি কৃষকদের তালিকা যাচাই করে এই ধান সংগ্রহ করা হচ্ছে।

Advertisement

Link copied!