এপেক্স বাংলাদেশের ৫০তম জাতীয় কনভেনশনে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট (এনভিপি) হিসেবে নির্বাচিত হওয়ায় এপেক্সিয়ান মোঃ নুরুল আমিন চৌধুরী আরমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মে ২০২৬) বান্দরবান পৌরসভা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বান্দরবান পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার প্রশাসক এস. এম. মনজুরুল হক। সংবর্ধিত অতিথি ছিলেন মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান—তিনি বান্দরবান পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা এবং পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কর নির্ধারক লিটন কান্তি সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া।
প্রধান অতিথির বক্তব্যে এস. এম. মনজুরুল হক বলেন, "এপেক্স বাংলাদেশের মতো একটি আন্তর্জাতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়া শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো বান্দরবানের জন্য গৌরবের বিষয়।" তিনি আরও বলেন, আরমান তাঁর দক্ষতা, সততা ও নেতৃত্বের মাধ্যমে এ সম্মান অর্জন করেছেন এবং ভবিষ্যতেও দেশের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখবেন।
তিনি তরুণ প্রজন্মকে নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের অর্জন সমাজ উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
সংবর্ধিত অতিথি নুরুল আমিন চৌধুরী আরমান তাঁর বক্তব্যে বলেন, "এই সম্মান আমাকে আরও দায়িত্বশীল করেছে। আমি এপেক্স বাংলাদেশের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যেতে চাই।"
অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
আপনার মতামত লিখুন :