পাবনায় আবাসিক হোটেলে নারীর গলাকাটা মরদেহ: মালিক-স্টাফ পলাতক

জামিলুর রহমান , ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

প্রকাশিত: ০৫ মে, ২০২৬, ০৮:১২ পিএম

পাবনা পৌর শহরের একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাতনামা এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই হোটেলটির মালিক ও কর্মচারীদের কাউকে খুঁজে না পাওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুর থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে শহরের নন্দন গলিস্থ ‘লাকি বোর্ডিং’ নামক আবাসিক হোটেলের তৃতীয় তলার একটি কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর হোটেলের একটি কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতর থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হতে পারে। মরদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। সিআইডিও কাজ করছে।”

তিনি আরও জানান, “ঘটনার পর থেকেই হোটেলের মালিক ও কর্মচারীরা পলাতক রয়েছে। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”

হোটেলটি বর্তমানে বন্ধ রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Link copied!