টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের চাঁনপাড়া গ্রামে একটি নদীর ওপর মাত্র ৩০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে ছোট এই নদীর দুই পাড়ের দশ গ্রামের জনসাধারণ। এই ৩০ মিটার দৈর্ঘ্যের সেতু এবং কলমাইদ থেকে চাঁনপাড়া প্রাথমিক বিদ্যালয় হয়ে আগ-দিঘুলিয়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা পাকা করণের মাধ্যমে পুনর্নির্মাণ স্থানীয়দের প্রাণের দাবি।
সরেজমিনে দেখা যায়, দুই পাশে উঁচু কাঁচা রাস্তা, মাঝে ছোট নদীর খাদ, যেখানে এই শুষ্ক মৌসুমেও হাঁটু পানি জমে আছে। কাদা মিশ্রিত হাঁটু পানির উপর দিয়েই কৃষি ফসল বহনকারী ভ্যান, ঘোড়ার গাড়ি, মোটরসাইকেল সহ সকল জনসাধারণ চলাচল করেন। বিকল্প কোনো চলাচলের রাস্তা না থাকায়, স্থানীয়রা এই খাদের উপর দিয়েই চলাচল করছেন দীর্ঘদিন যাবৎ। কলমাইদ থেকে আগ-দিঘুলিয়া পর্যন্ত অল্প দৈর্ঘ্যের এই রাস্তা দিয়ে চলাচলের কোনো অবস্থা নেই। মোটরসাইকেল, ব্যাটারি চালিত অটো ও ঘোড়ার গাড়ি উল্টিয়ে অনেকের অঙ্গহানি ঘটেছে। জরুরি চিকিৎসার জন্য কোনো রোগীকে হাসপাতালে নিতে হলেও পড়তে হয় বিপাকে। সবচাইতে বেশি ভোগান্তিতে পড়েন গর্ভবতী নারী ও স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন পথচারীর সঙ্গে কথা বললে তাঁরা বলেন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তাঁদের এখানে কোনো প্রকার উন্নয়ন হয়নি। চেয়ারম্যান, মেম্বার কেউ তাঁদের এই বিষয়ে কোনো খবর রাখেন না, তবে শুনেছেন বর্তমান চেয়ারম্যান চেষ্টা করছেন কিন্তু এখনো কিছুই হয়নি। এসময় তাঁরা সরকারের কাছে সেতু ও রাস্তা নির্মাণের জন্য জোর দাবি করেন।
এ বিষয়ে মোকনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম বলেন, "আমাদের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাঁনপাড়া গ্রামের নদীর উপর মাত্র ৩০ মিটার সেতুর অভাবে এলাকার জনসাধারণ খুব বিপদে আছে। বর্ষাকালে নৌকা ছাড়া চলাচলের কোনো উপায় নেই। এই শুষ্ক মৌসুমেও তাঁদের কাঁদা পানির উপর দিয়েই চলাচল করতে হয়। এছাড়া রাস্তাটি খুবই ভাঙাচোরা, আমি কয়েকবার মেরামত করেছি কিন্তু নিম্ন চর এলাকা হওয়ায় তা বেশি দিন টেকে না।"
তিনি আরও বলেন, "বিষয়টি নিয়ে আমি পূর্বেও আবেদন করেছিলাম, কোনো কাজ হয়নি। আমি আমাদের টাঙ্গাইল ৬ নাগরপুর-দেলদুয়ার আসনের মাননীয় সংসদ সদস্য মো. রবিউল আওয়াল (লাভলু) মহোদয় ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে উক্ত স্থানে সেতু ও রাস্তা নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি করছি।"
আপনার মতামত লিখুন :