ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ৭ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে যাদবপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৪৯/৩-এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পার-গোপালপুর গ্রামের মো. শুকুর আলীর ধানক্ষেত সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। হাবিলদার মো. জিল্লুর রহমানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে আসামীবিহীন ২৪ বোতল ভারতীয় কোডিন ফসফেট ও ট্রিপোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ উদ্ধার করা হয়।
এদিকে, ৮ মে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে নিমতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৫/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের জামালের কলাবাগানে অভিযান চালায় বিজিবি। হাবিলদার মো. জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে আসামীবিহীন ৪০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে, একই দিন দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে মেদেনীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৩/৪-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের রাহাদের আমবাগানে অভিযান পরিচালনা করা হয়। নায়েব সুবেদার মো. হারুন অর-রশিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামীবিহীন ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :