পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে আজ কেক কাটতে দেখা যায় বাংলাদেশ দলের ক্রিকেটারদের। উপলক্ষ্য মুশফিকুর রহিমের ৩৯তম জন্মদিন। সতীর্থদের কাছ থেকে এমন উদযাপনের উপলক্ষ্য পেয়ে টাইগার ক্রিকেটার যেন কিছুটা বিষ্মিতই।
মাঠে নেমেও দলকে টেনে নিচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল। দ্বিতীয় দিনের শুরু থেকেই বেশ সাবধানী ব্যাটিং করছেন মুশফিক। প্রথম দিনের খেলা শেসে ৪৮ রানে অপরাজিত ছিলেন। টেস্ট ক্যারিয়ারের ২৯তম ফিফটি পেতে ২ রান দরকার হলেও এই উইকেটরক্ষক ব্যাটারকে কিছুটা অপেক্ষা করতে হয়েছে। ১১৪ বলে ফিফটি তুলে নেন মুশফিক।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০১ রান করে আউট হলে উইকেট আসেন মুশফিক। চতুর্থ উইকেটে মুমিনুল হকের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ বিকেলে হতাশ করেন মুমিনুল। ব্যক্তিগত ৯১ রানে নোমান আলীর এলবিডব্লুর ফাঁদে পড়েন এই বাঁহাতি ব্যাটার। এরপর আর কোনো বিপদ হতে দেননি মুশফিক। লিটনকে নিয়ে বাকি বাকিটা সময় নির্বিঘ্নে কাটিয়ে দেন।
প্রথম দিনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ৩০১ রান করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহে ৬ উইকেটে ৩৫৪ রান। ১৫৭ বলে ৮ চারের সৌজন্যে ৬৬ রানে অপরাজিত রয়েছেন মুশফিকুর রহিম।
আপনার মতামত লিখুন :