খুলনা বিশ্ববিদ্যালয়ে 'সমকালীন প্রেক্ষাপটে গণমাধ্যম' শীর্ষক সেমিনারে দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের অন্যতম শর্ত হলো গণমাধ্যমের স্বাধীনতা। মানুষের মূল্যবোধভিত্তিক সাংবাদিকতা ফিরিয়ে আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, গণমাধ্যমের প্রতি মানুষের যে আক্ষেপ তৈরি হয়েছে, তা দূর করার অন্যতম উপায় হলো দায়িত্বশীল ও মূল্যবোধনির্ভর সাংবাদিকতা চর্চা।
শনিবার সকাল ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে আয়োজিত এ সেমিনারের আয়োজন করে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
প্রধান আলোচকের বক্তব্যে মাহফুজ আনাম বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সংবাদমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা ন্যায়বিচার, জবাবদিহি এবং ক্ষমতার ভারসাম্য রক্ষার প্রধান ভিত্তিগুলোর একটি। সাধারণ মানুষ যখন নিজের অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ হন, তখন বিচার বিভাগের নিরপেক্ষতাই তাঁদের সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়ায়। একইভাবে গণমাধ্যম মানুষের কণ্ঠস্বর তুলে ধরে এবং ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে সমাজকে সচেতন করে।
তিনি বলেন, ক্ষমতাবানদের বিরুদ্ধে সত্য প্রকাশ করা ঝুঁকিপূর্ণ হলেও গণমাধ্যমকে সেই দায়িত্ব পালন করতে হয়, কারণ এটি গণতন্ত্রের সাংবিধানিকভাবে সুরক্ষিত একটি প্রতিষ্ঠান। তবে গণমাধ্যমের স্বাধীনতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এর অর্থনৈতিক কাঠামো। সরকারনির্ভর অর্থায়নে রাজনৈতিক প্রভাবের ঝুঁকি থাকে, আবার করপোরেট বিনিয়োগের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা সম্পাদকীয় স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই শক্তিশালী গণমাধ্যম গড়ে তুলতে যেমন বড় বিনিয়োগ প্রয়োজন, তেমনি সম্পাদকীয় স্বাধীনতা ও অর্থনৈতিক টিকে থাকার মধ্যে ভারসাম্য বজায় রাখাও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নুরুন্নবী। তিনি বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের গণতন্ত্র, জবাবদিহি ও সত্য প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম। স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও পেশাদারত্ব বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম বলেন, গণমাধ্যমের স্বাধীনতা সবসময় প্রেক্ষাপটনির্ভর। বর্তমান সময়ে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজকে সঠিক তথ্য প্রদানে অপরিহার্য হয়ে উঠেছে। তরুণ প্রজন্মকে সত্যনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি।
সেমিনারে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি মো. ইব্রাহিম খলিল। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থী ও সাংবাদিকেরা অংশ নেন।
আপনার মতামত লিখুন :