মা দিবস নিয়ে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের ভাবনা

মা একটি শব্দ নয়, এক অনন্ত প্রশান্তির নাম। যার আঁচলে লুকিয়ে থাকে ভালোবাসা, ত্যাগ, ভরসা আর নিঃস্বার্থ মমতার গল্প। সেই মায়েদের সম্মান জানাতেই বিশ্বজুড়ে পালিত হয় ‘মা দিবস’।

আধুনিক বিশ্বে মা দিবসের প্রচলন শুরু হয় যুক্তরাষ্ট্রে। মার্কিন নারী আনা জার্ভিস ১৯০৭ সালের ১২ মে তার প্রয়াত মায়ের স্মরণে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন। মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের সেই উদ্যোগ থেকেই ধীরে ধীরে বিশ্বজুড়ে মা দিবস পালনের প্রচলন শুরু হয়। বর্তমানে প্রতি বছরের মে মাসের দ্বিতীয় রোববার পালিত হয় ‘মা দিবস’।

মা শুধুমাত্র একটি শব্দ নয়, তিনি সন্তানের জীবনের সবচেয়ে বড় ভরসা ও ভালোবাসার জায়গা। সন্তানের সুখের জন্য একজন মা নিজের স্বপ্ন, আরাম-আয়েশ ও ইচ্ছাকে ত্যাগ করতেও পিছপা হন না। জীবনের প্রতিটি কঠিন সময়ে তিনি নিঃস্বার্থভাবে সন্তানের পাশে থাকেন। তাই শুধু একটি দিন নয়, প্রতিদিনই হওয়া উচিত মায়ের প্রতি ভালোবাসা ও সম্মান জানানোর দিন।

সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগ (২০২৩–২৪ সেশন) এর শিক্ষার্থী রিয়াদ হাসান রানা বলেন, মা আমাদের জীবনের সবচেয়ে আপন মানুষ। জন্মের পর থেকে একজন মা সন্তানের জন্য অসীম ত্যাগ স্বীকার করেন। সন্তানের সুখের জন্য তিনি নিজের সুখ-স্বাচ্ছন্দ্য ভুলে যান। মায়ের ভালোবাসা নিঃস্বার্থ ও অতুলনীয়। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ নেই।

তিনি আরো বলেন,মা আমাদের প্রথম শিক্ষক। তিনি আমাদের কথা বলা, চলাফেরা ও মানবিক মূল্যবোধ শেখান। একজন সন্তানের সফলতার পেছনে মায়ের অবদান সবচেয়ে বেশি। তাই আমাদের উচিত সবসময় মাকে সম্মান করা, ভালোবাসা এবং তাঁর যত্ন নেওয়া।মা দিবস শুধু একটি দিন নয়, প্রতিদিনই মায়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।

ইংরেজি বিভাগ (২০২৩–২৪ সেশন) এর শিক্ষার্থী মোঃ ইমরান হাসান বলেন, মা শব্দটি ছোট হলেও এর গভীরতা অসীম। এই পৃথিবীতে যেখানে সবাই স্বার্থপর, সেখানে একমাত্র মা-ই আমাদের শান্তি ও ভরসার আশ্রয়। মায়ের কাছে থাকলে এক অনন্য আত্মিক প্রশান্তি পাওয়া যায়।

তিনি আরো বলেন, আমরা যারা স্বপ্ন পূরণের জন্য মায়ের থেকে দূরে থাকি, তাদের কাছে মা মানে এক গভীর শূন্যতা। যতই বড় হচ্ছি, ততই বুঝতে পারছি মায়ের কোলে ফিরে যাওয়াই জীবনের সবচেয়ে বড় শান্তি।মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করে আমাদের পৃথিবীতে আনেন এবং ছোটবেলা থেকে লালন-পালন করেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ (২০২৩–২৪ সেশন) এর শিক্ষার্থী মোস্তফা কামাল জাবের বলেন, মা তুমি ভোরের আলো, হৃদয়ের মিষ্টি গান, তোমার ছোঁয়ায় ভরে ওঠে জীবনের প্রতিক্ষণ।

দুঃখ এলে আগলে রাখো স্নেহভরা বুকে,

তোমার ভালোবাসা পাই সুখের প্রতিটি মুখে।

মা দিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান।

Advertisement

Link copied!