গাজীপুর মহানগরীর টঙ্গীতে গভীর রাতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী পূর্ব থানার মাঝুখান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি মো. মানিক মিয়া (৩৬)। তিনি গাজীপুর মহানগরীর পুবাইল থানার মাঝুখান পশ্চিমপাড়া এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
ডিবি সূত্র জানায়, মহানগরজুড়ে মাদক ও অস্ত্র উদ্ধারে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি দক্ষিণ বিভাগের একটি চৌকস দল মাঝুখান এলাকায় অবস্থান নেয়। পরে সিদ্দিক মিয়ার বিল্ডিংয়ের নিচতলায় মানিক স্টোরের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে আটক করা হয়।
আটকের পর তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে তাকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ডিবি দক্ষিণ বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ মিজানুর ইসলাম জানান, “গাজীপুর মহানগর এলাকায় মাদক নির্মূলে অভিযান আরও জোরদার করা হবে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।”
স্থানীয়দের অভিযোগ, টঙ্গী ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরেই গোপনে মাদকের বিস্তার বাড়ছে। বিশেষ করে রাতে বিভিন্ন পয়েন্টে ইয়াবা কেনাবেচা নিয়ে উদ্বেগ বাড়লেও সাম্প্রতিক সময়ে ডিবির ধারাবাহিক অভিযানে সক্রিয় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আপনার মতামত লিখুন :