গাজীপুরে এক পরিবারের ৫ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০৯ মে, ২০২৬, ০১:০৬ পিএম

গাজীপুরের রাউতকোনা গ্রামে এক প্রবাসীর পরিবারে নেমে এসেছে বিভীষিকা। স্ত্রী, তিন কন্যাসন্তান ও শ্যালকসহ একই পরিবারের ৫জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক,আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রবাসী মনির হোসেন দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। গ্রামের বাড়িতে স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করতেন।

শুক্রবার রাতেও পরিবারটিকে স্বাভাবিক দেখা গেলেও শনিবার সকালে ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় পাঁচজনের মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা চিৎকার শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতদের সবাইকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় পরিবারের এক ভাড়াটিয়াকে ঘিরে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিকভাবে কাউকে দায়ী করেনি।

ঘটনার পর পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। বাড়ির সামনে ভিড় করেন শত শত মানুষ।

ছোট ছোট শিশুদের নির্মম হত্যাকাণ্ডে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রবাসীর স্ত্রী-সন্তানসহ নিহত, সন্দেহের তীর ভাড়াটিয়ার দিকে।

প্রতিবেশী আব্দুল করিম বলেন, “রাতে কোনো শব্দ পাইনি। সকালে এসে দেখি ঘরের ভেতরে লাশ পড়ে আছে। এমন ভয়ঙ্কর দৃশ্য জীবনে দেখিনি।”

গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বলেন, “একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।”

 

 

Link copied!