গাজীপুরের কালিয়াকৈরে "পরিবেশ সংরক্ষণে করণীয়" শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরতে শুক্রবার সকালে কালিয়াকৈর পৌরসভার অডিটোরিয়ামে কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। তিনি বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সাধারণ মানুষকে সচেতন হয়ে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইন, পরিবেশ উন্নয়ন পরিষদের উপদেষ্টা ডা. ফারুক আহমেদ রিপন ও অধ্যাপক খালিদ হোসেন।
এছাড়াও বক্তব্য দেন সাংবাদিক আইয়ুব রানা, পরিবেশ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সহ-সভাপতি সানোয়ার হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ, পরিবেশ দূষণ রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীদের মাঝে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :