গাজীপুরে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে হামের সংক্রমণ। জেলার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মোট ৬৪ জন শিশু ভর্তি রয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে হাসপাতালটির পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮ জন। বর্তমানে হাসপাতালটির শিশু ওয়ার্ডে হামে আক্রান্ত শিশুদের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসাসেবা ব্যবস্থাপনাতেও বাড়তি চাপ তৈরি হয়েছে।
হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম জানান, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬২২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৫৬ জন। তবে এ সময়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
এদিকে রোগীর স্বজনরা অভিযোগ করেছেন, হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় শয্যা সংকট দেখা দিয়েছে। বিশেষ করে এনআইসিইউ সুবিধার সীমাবদ্ধতার কারণে অনেক শিশুকে প্রয়োজনীয় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। অনেক ক্ষেত্রে শিশুদের ওয়ার্ডের বাইরে বারান্দায় রেখেও চিকিৎসা দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। এতে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন স্বজনরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসাসেবা জোরদার করা হয়েছে। আক্রান্ত শিশুদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। আক্রান্ত শিশুর মধ্যে জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি, কাশি কিংবা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও পরামর্শ দিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন :