টঙ্গীতে মাদকের সুরঙ্গ পথে এসি কক্ষ সিলগালা;আটক-৫০

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০৫ মে, ২০২৬, ০৬:২৬ পিএম

গাজীপুর মহানগরীর টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে চাঞ্চল্যকর তথ্যের সন্ধান পেয়েছে পুলিশ।  কুখ্যাত মাজার বস্তি এলাকায় মাদক সেবনের জন্য তৈরি করা সুরঙ্গপথ ও শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) একাধিক গোপন কক্ষ সিলগালা করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৫০ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) ভোর থেকে দুপুর পর্যন্ত পরিচালিত সাঁড়াশি অভিযানে টঙ্গীর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। অভিযানকালে মাজার বস্তির ভেতরে বাইরে থেকে তালাবদ্ধ বেশ কয়েকটি কক্ষের সন্ধান পাওয়া যায়। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, কক্ষগুলোতে আধুনিক মাদক সেবনের সরঞ্জাম, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও গোপন সুরঙ্গপথ রয়েছে।

পুলিশের ধারণা, এসব কক্ষ বিশেষভাবে সাজানো হয়েছিল যাতে উচ্চবিত্ত মাদকসেবীরা গোপনে এসে নির্ভয়ে মাদক গ্রহণ করতে পারে। সুরঙ্গপথগুলো ব্যবহার করে দ্রুত পালিয়ে যাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

অভিযানে মোট ৫০ জনকে আটকদের   কাছ থেকে গাঁজা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, মাদক নির্মূলে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের গোপন আস্তানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

অপরদিকে, টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, তাদের এলাকাতেও একাধিক মাদক স্পট চিহ্নিত করে বন্ধ করে দেওয়া হয়েছে।গাজীপুর মহানগর পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, টঙ্গী এলাকায় মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এমন গোপন মাদক আস্তানা সক্রিয় থাকলেও তা নজর এড়িয়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে সাম্প্রতিক অভিযানে এসব আস্তানা উন্মোচিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন  অনেকে। 

Link copied!