গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে রাজনৈতিক তৎপরতা ও হল সিট দখলকে কেন্দ্র করে বিক্ষোভে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রদল ও ছাত্রশিবিরের সক্রিয়তা ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে শিক্ষার্থীরা রাজনীতি বন্ধ ও দখলমুক্ত ক্যাম্পাসের জোর দাবি তুলেছেন তারা।
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) রাত ৯টার দিকে ডুয়েট কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশ নেন। মিছিলজুড়ে “ক্যাম্পাসে রাজনীতি নয়, চাই শিক্ষার পরিবেশ”, “দখলমুক্ত হোক হল”—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস।
বিক্ষোভে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন—ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন, অবৈধ ও অনিয়মিত হল সিট বরাদ্দ বাতিল, ও দখলকৃত সিট উদ্ধার করে প্রকৃত শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে হল সিট দখল করে রেখেছে, যার ফলে প্রকৃত শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন। তারা বলেন, “আমরা কোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা চাই না; আমরা চাই একটি নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ।”
শিক্ষার্থীরা জানান, দাবি আদায়ে প্রশাসনিক ভবনের সামনে শিগগিরই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এদিকে, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন :