গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদসহ একটি সংগঠিত মাদক চক্রের হদিস পেয়েছে পুলিশ। কুদ্দুসনগরের কাঠালবাগান এলাকার একটি বাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা 'মিনি গুদাম' থেকে ৬৪ কেজিরও বেশি গাঁজা ও বিদেশি মদের বড় চালান উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেদুল ইসলাম ও উজ্জ্বল নামে দুইজনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। অভিযান চলাকালে বাড়ির ভেতর তল্লাশি চালিয়ে ৬৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ১২ বোতল বিদেশি মদ জব্দ করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই বাড়িটিকে ঘিরে একটি সংগঠিত মাদক সংরক্ষণ ও সরবরাহ চক্র সক্রিয় ছিল। গোপন নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করা হতো বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
কোনাবাড়ী থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার এস এম শফিকুল ইসলাম বলেন, "গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি বড় মাদক চালান জব্দ করা সম্ভব হয়েছে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।" তিনি আরও জানান, জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে আকস্মিক এই অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক সংশ্লিষ্ট কার্যক্রম চললেও এ ধরনের বড় অভিযান এই প্রথম। এতে স্বস্তি প্রকাশ করেছেন বাসিন্দারা। গাজীপুরে মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ ঘটনাকে বড় সাফল্য হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। মাদক নির্মূলে 'জিরো টলারেন্স' অবস্থান আরও জোরদার করার কথাও জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :