গাজীপুর জেলাজুড়ে হামের প্রাদুর্ভাব দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। বিশেষ করে শিশুদের মধ্যে এই সংক্রামক রোগের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। টিকাদান কর্মসূচি চলমান থাকলেও সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না, যা জেলার জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত মোট ৪২৬ জন হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বর্তমানে ৬১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান আরও ভীতিকর। নতুন করে আরও ১৭ জন হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১৪ জনই শিশু। সংক্রমণের গতির তুলনায় সুস্থ হওয়ার হার কিছুটা ধীর; গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাত্র ৯ জন। হাসপাতালের বেডগুলোতে শিশুদের আধিক্যই প্রমাণ করে যে, হাম এখন সরাসরি শিশুদের ওপর আঘাত হানছে।
শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম জানিয়েছেন, হাম অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি বলেন, "হাম একটি সংক্রামক রোগ এবং এটি অবহেলা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।" তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিশুদের সময়মতো ৯ মাস ও ১৫ মাস বয়সে দুই ডোজ টিকা দেওয়া এবং শরীরে র্যাশ বা জ্বরের মতো লক্ষণ দেখা দিলে কোনো দেরি না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রায় প্রতিটি ওয়ার্ডে বিশেষ টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি অব্যাহত রয়েছে। তবে এত কিছুর পরও নতুন সংক্রমণ বাড়তে থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দ্রুত কার্যকর ও সমন্বিত ব্যবস্থা না নিলে এই সংক্রমণ বৃহত্তর সংকটে রূপ নিতে পারে।
শহরের জনাকীর্ণ এলাকা ও বস্তি অঞ্চলগুলোতে বিশেষ নজরদারি বাড়ানোর ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :