ঈদের আগেই হকার উচ্ছেদ করে শৃঙ্খলা ফেরানো হবে, পরে জয়দেবপুরে ওভারব্রিজ টেন্ডার - গাসিক প্রশাসক

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬, ১১:৫১ পিএম

দীর্ঘদিনের যানজট, বিশৃঙ্খল হকার ব্যবস্থাপনা এবং পরিকল্পনাহীন নগরায়ণের চাপ কাটিয়ে গাজীপুর মহানগরকে শৃঙ্খলায় ফেরাতে বড় দুটি সিদ্ধান্ত ঘোষণা করেছে গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক)।

ঈদের আগেই জয়দেবপুর এলাকায় ভাসমান হকারদের পুনর্বাসন এবং কোরবানির ঈদের পর বহুল প্রত্যাশিত জয়দেবপুর রেলক্রসিংয়ে ওভারব্রিজ নির্মাণের টেন্ডার আহ্বানের মাধ্যমে নগর ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তনের আগাম ঘোষণা দিয়েছেন গাসিক প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।

মঙ্গলবার (২৮ এপ্রিল) নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, "জয়দেবপুর রেলক্রসিংয়ের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে আমরা বাস্তবসম্মত পদক্ষেপ নিচ্ছি। রেল মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ঈদের পরপরই ওভারব্রিজ নির্মাণের টেন্ডার আহ্বান করা হবে। তবে তার আগে ঈদের মধ্যেই আশপাশের হকারদের পরিকল্পিতভাবে পুনর্বাসন করা হবে, যাতে যান চলাচল স্বাভাবিক রাখা যায়।"

শওকত হোসেন জানান, জয়দেবপুর ও আশপাশ এলাকায় ছড়িয়ে থাকা হকারদের জন্য শিববাড়ী মোড় এলাকায় নির্ধারিত স্থান প্রস্তুত করা হচ্ছে। সেখানে স্থানান্তরের মাধ্যমে একদিকে যেমন হকারদের জীবিকা সুরক্ষিত হবে, অন্যদিকে নগরের অন্যতম ব্যস্ত প্রবেশপথে ফিরবে শৃঙ্খলা।

সভায় উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি ও গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপস্থিত সবাই উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সমন্বয়, মাননিয়ন্ত্রণ ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় গাসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে জানান, সড়ক, নর্দমা ও ফুটপাত উন্নয়ন প্রকল্পে ইতোমধ্যে প্রায় ৯০ শতাংশ ভৌত অগ্রগতি অর্জিত হয়েছে। পাশাপাশি প্রধান সড়ক প্রশস্তকরণ, ড্রেনেজ উন্নয়ন এবং তুরাগ নদীসংলগ্ন অবকাঠামো উন্নয়ন কাজও দ্রুত এগিয়ে চলছে।

গাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান বলেন, "দ্রুত বর্ধনশীল শিল্পনগরী হিসেবে গাজীপুরে পরিকল্পিত উন্নয়ন এখন সময়ের দাবি। সমন্বিত মাস্টারপ্ল্যানের মাধ্যমে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, খাল পুনঃখনন ও টেকসই নগর ব্যবস্থাপনায় আমরা কাজ করছি।"

সভা শেষে গাজীপুর সিটির প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্টদের মতে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী হকার পুনর্বাসন ও ওভারব্রিজ নির্মাণের এই যুগপৎ উদ্যোগ বাস্তবায়িত হলে গাজীপুর মহানগরের দীর্ঘদিনের যানজট ও বিশৃঙ্খলা কমে একটি পরিকল্পিত, বাসযোগ্য নগর গড়ে তোলার পথ আরও সুগম হবে।

Advertisement

Link copied!