গাজীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে জখম

শরীফ ওমর টুটুল , গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশিত: ০৫ মে, ২০২৬, ০৭:৪৭ পিএম

গাজীপুর মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের জাঝর এলাকায় প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় এক নারী ও তাঁর পরিবারের সদস্যদের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। হামলায় তিন নারী গুরুতর জখম হয়েছেন। এ ঘটনায় গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী তমা আক্তার।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার (৩ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তমা আক্তার নিজ বাসায় কাজ করছিলেন। এ সময় পাশের বাসার ভাড়াটিয়া ফারুক মিয়ার ঘরে বসে সুজয় চক্রবর্তীসহ কয়েকজন প্রকাশ্যে মাদক সেবন করছিলেন। মাদকের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে তমা আক্তার তাঁদের বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত সুজয় চক্রবর্তী (২৫) ও ফারুক মিয়া (৩৫)-সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে পরিকল্পিতভাবে তমা আক্তারের ওপর হামলা চালায়। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর ছোট বোন সুমি (২২) ও মা আজিরন বেগমকেও (৪৫) বেধড়ক মারধর করা হয়। ভুক্তভোগীদের দাবি, হামলার সময় তাঁদের শ্লীলতাহানি করা হয়েছে এবং কান ও গলা থেকে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয়েছে। পরবর্তীতে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে অভিযুক্ত সুজয় চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও তাঁর পরিবার অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, উল্টো সুজয়কে মারধর করা হয়েছে, যাতে তাঁর মাথায় চারটি সেলাই লেগেছে এবং তাঁর পকেট থেকে সাত হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদ্দুজামান জানান, "এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

Advertisement

Link copied!