কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছয়টি অনুষদে নতুন ডিন নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বিজ্ঞান, কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদের ডিনগণের নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় এবং গত ৭ মে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৯তম সভায় ডিন নিয়োগের বিষয়ে গৃহীত সিদ্ধান্তক্রমে আইন বিশেষজ্ঞের মতামত না আসা পর্যন্ত নিম্নে বর্ণিত অধ্যাপকগণকে ডিন হিসেবে দায়িত্ব প্রদানের জন্য কর্তৃপক্ষ নির্দেশ প্রদান করেছেন।
দায়িত্বপ্রাপ্ত ডিনরা হলেন, আইন অনুষদে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কলা ও মানবিক অনুষদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, বিজ্ঞান অনুষদে গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামীমুল ইসলাম, প্রকৌশল অনুষদে আইসিটি বিভাগের অধ্যাপক ড. মো. তৌফায়েল আহমেদ এবং ব্যবসায় শিক্ষা অনুষদে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান।
এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “সিন্ডিকেটে ডিন নিয়োগের বিষয়ে আইন বিশেষজ্ঞের মতামত না আসায়, মতামত না পাওয়া পর্যন্ত এ নিয়োগ দেওয়া হয়েছে। মতামত এলে পুনরায় আইন অনুযায়ী দুই বছরের জন্য ডিন নিয়োগ দেওয়া হবে।”
আপনার মতামত লিখুন :