‎মান্দায় অবৈধ স্থাপনা অপসারণ না করাই রাস্তা নির্মাণ বন্ধ এলাকাবাসীর ক্ষোভ

‎ ‎মোঃ রায়হান আলী , মান্দা ‎(নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ১১ মে, ২০২৬, ০৮:৩০ পিএম

‎নওগাঁর মান্দায় রাস্তার জায়গায় দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালিকাপুর ইউনিয়নের বনগ্রাম এলাকায় রাস্তার জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেন স্থানীয় একটি প্রভাবশালী মহল।

অবৈধ স্থাপনার নির্মাণের কারণে নতুন করে রাস্তা পাকা ও প্রশস্তকরণ কাজ করতে পারছেন না ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত সমস্যা সমাধান করে রাস্তার কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

চৈতার মোড় থেকে রামপুর পাকার মাথা পর্যন্ত ২.৪ কিমিঃ বহুল প্রত্যাশিত গুরুত্বপূর্ণ রাস্তাটি দরপত্র আহবানের মাধ্যমে কাজের অনুমতি পায় আল আমিন ট্রেডার্স নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। তবে বনগ্রাম মোড় এলাকায় রাস্তা প্রশস্ত করার পরিকল্পনা থাকলেও কয়েকটি অবৈধ স্থাপনার কারণে কাজটি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠান ও এলাকাবাসী। ফলে ওই অংশে রাস্তা সংকীর্ণ অবস্থায় রয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা, পলাশ, বুলেট, দুলাল, মুস্তাফিজুর বলেন রাস্তার ওই স্থানে একই সঙ্গে দুটি যানবাহন চলাচল বা ক্রসিং করার মতো পর্যাপ্ত জায়গা নেই। এতে প্রায়ই যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে বাজারের দিন ও শিক্ষার্থীদের যাতায়াতের সময় দুর্ভোগ আরও বেড়ে যায়। তাই অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করে রাস্তা প্রশস্ত করা প্রয়োজন ।

স্থানীয় দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রাস্তা নির্মাণ হলেও প্রশস্ত না হওয়ায় প্রত্যাশিত সুফল মিলছে না। এ বিষয়ে মোঃ আইনাল পাইকের ছেলে মোঃ মাসুদ পাইকের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আগে এ রাস্তাটি কাঁচা ছিল এবং শুধুমাত্র ভ্যান চলাচল করতো। বিষয়টি না বুঝেই আমরা এখানে পাকা স্থাপনা নির্মাণ করেছি। সরকার বা ঠিকাদারি প্রতিষ্ঠান যদি আমাদের নির্মাণ ব্যয় প্রদান করে, তাহলে আমরা নিজ দায়িত্বে স্থাপনাটি ভেঙে ফেলবো। 

এ ব্যাপারে কাজ বাস্তবায়নকারী ঠিকাদার শাহিন আলম জানান রাস্তা নির্মাণে ওই জায়গাটি প্রশস্ত করনের প্রয়োজন রয়েছে যেহেতু এখানে একটি টার্নিং রয়েছে। কিন্তু এলাকার কিছু লোক অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় কাজ করতে বিলম্বিত হচ্ছে।

এব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আবু সায়েদ জানান, রাস্তা যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নির্মাণ করব এতে কোন অবৈধ স্থাপনা থাকলে সেগুলো সরিয়ে ফেলা হবে। 

Link copied!