মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষায় সোনারগাঁয়ে মানববন্ধন

ফাহাদুল ইসলাম , নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১১ মে, ২০২৬, ০৮:৩৭ পিএম

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে সোনারগাঁ উপজেলা ফারিয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ বিভিন্ন সময় কর্মক্ষেত্রে হয়রানি, অনিরাপদ পরিবেশ ও অবমূল্যায়নের শিকার হতে হচ্ছে তাদের। তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের “দালাল” আখ্যা না দিয়ে শিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী হিসেবে যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, ওষুধ শিল্পের উন্নয়ন ও জনস্বাস্থ্য সেবায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অবদান অনস্বীকার্য। তাই তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত ও পেশাগত মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এসময় তুহিনসহ ফারিয়ার নেতৃবৃন্দ ও বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

Link copied!