সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু

ইদ্রিস হাসান , ব্যুরো প্রধান নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১২ মে, ২০২৬, ০৯:০৮ পিএম

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎‎নিহতরা হলো- মনিরুল (১৫) ও শুভ (১৫)। তারা দুজনই গুদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সিদ্ধিরগঞ্জ থানার এসআই নিরস্ত্র মো. মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

‎‎নিহত মনিরুলের পিতা মোহাম্মদ জাকির। তাদের গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার পাল্লা গ্রামে। বর্তমানে সে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ভূঁইয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকত।

‎‎অপরদিকে শুভর পিতা মিজান শিকদার। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মরিচ বুনিয়া এলাকায়। শুভ পরিবারসহ সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় বসবাস করত।

‎‎সিদ্ধিরগঞ্জ থানার এসআই নিরস্ত্র মো. মাসুম বিল্লাহ জানান, মঙ্গলবার (১১ মে) দুপুরে মাদ্রাসার পরীক্ষা শেষে নাভানা মাঠে ফুটবল খেলার পর পাঁচ বন্ধু মিলে ডিএনডি লেকের বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর ব্রিজ সংলগ্ন স্থানে গোসল করতে নামে। গোসল শেষে তিনজন বাড়ি ফিরে গেলেও মনিরুল ও শুভ নিখোঁজ থাকে।

‎‎পরে পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালান। বুধবার (১২ মে) ভোর ৬টার দিকে স্থানীয়রা লেকের পানিতে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেয়।

‎‎খবর পেয়ে এসআই মো. মাসুম বিল্লাহ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তবে পরবর্তীতে নিহতদের পরিবারের সদস্যরা কোনো আপত্তি না থাকায় মরদেহ দুটি নিজেদের জিম্মায় নিয়ে যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

Link copied!