শ্রীমঙ্গলে রান্নাঘরের ইঁদুরের গর্ত থেকে বিষধর কোবরা উদ্ধার

তাপস দাশ , শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

প্রকাশিত: ১২ মে, ২০২৬, ০৬:১২ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া গ্রামে একটি বসতঘরের রান্নাঘরের ইঁদুরের গর্ত থেকে বিষধর কোবরা সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে জানাউড়া গ্রামের বাসিন্দা তারেক আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, বাড়ির নারীরা রান্নাঘর পরিষ্কার করার সময় হঠাৎ ফুসফুস শব্দ শুনতে পান। পরে রান্নাঘরের একটি ইঁদুরের গর্তে সাপটিকে ফণা তুলে অবস্থান করতে দেখে তারা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন।

চিৎকার শুনে বাড়ির মালিক তারেক আহমেদ ঘটনাস্থলে এসে সাপটিকে কুচা দিয়ে মারার চেষ্টা করেন। তবে সাপটির আক্রমণাত্মক আচরণ দেখে তিনি ভয়ে আর কাছে যাওয়ার সাহস পাননি।

পরবর্তীতে সাংবাদিক আল আমিন বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন। 

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা সেখানে গিয়ে দেখতে পান, সাপটি রান্নাঘরের গর্তের ভেতরে অবস্থান করছে। উদ্ধারকারীরা জানান, এটি একটি প্রাণঘাতী বিষধর কোবরা সাপ, যা সাধারণত লোকালয়ে খুব বেশি দেখা যায় না।

প্রায় ২০ মিনিটের চেষ্টায় সাপটিকে অক্ষত অবস্থায় নিরাপদে উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা কোবরা সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Link copied!