ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাজিকান্দা গ্রামে (১২ মে) মঙ্গলবার জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাইয়ের হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুপুরে স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে এ বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই আমির আলী বিশ্বাস (৪৮) ধারালো অস্ত্র (দা) দিয়ে বড় ভাই সোলেমান বিশ্বাসের (৫৫) উপর হামলা চালায়। এতে সোলেমান বিশ্বাসের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর অভিযুক্ত আমির আলী বিশ্বাস পালিয়ে গেছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :