কুমিল্লা চান্দিনা উপজেলার কুটুম্বপুরে অবস্থিত তা’লীমুস সুন্নাহ হিফজুল কুরআন ক্যাডেট মাদ্রাসার এক শিক্ষার্থী অল্প বয়সে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। মাত্র ১১ বছর বয়সে এবং মাত্র ৮ মাসের স্বল্প সময়ে পবিত্র কোরআন শরীফ সম্পূর্ণ হেফজ সম্পন্ন করে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সে।
মাদ্রাসা সূত্রে জানা যায়, কৃতিত্ব অর্জনকারী ওই শিক্ষার্থীর নাম হাফেজ মো: সাইদুল ইসলাম। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বৈলাবাড়ী গ্রামে। তার পিতার নাম মো: আব্দুল আজিজ।
এ বিষয়ে তা’লীমুস সুন্নাহ হিফজুল কুরআন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা নেয়ামত উল্লাহ সরকার সালেহী বলেন,
“আমাদের মাদ্রাসার এই শিক্ষার্থী অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। খুব অল্প সময়ের মধ্যে সে পবিত্র কোরআনের হেফজ সম্পন্ন করেছে, যা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা আশা করি ভবিষ্যতে সে দ্বীনের খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও জানান, মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করছে।
এদিকে, ছোট্ট এই হাফেজের এমন সাফল্যে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। তারা মনে করছেন, এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও উৎসাহিত করবে।
স্থানীয়রা জানান, বর্তমান সময়ে শিশুদের নানা প্রযুক্তিনির্ভর ব্যস্ততার মাঝে এত অল্প বয়সে কোরআনের হেফজ সম্পন্ন করা সত্যিই প্রশংসনীয়। তারা হাফেজ সাইদুল ইসলামের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এই প্রতিষ্ঠান থেকে আরও দক্ষ ও আদর্শবান হাফেজ তৈরি হয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
আপনার মতামত লিখুন :