বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার প্রাথমিক বাস্তবায়ন কার্যক্রম নিয়ে মৌলভীবাজারে প্রেস ব্রিফিং করেছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
বুধবার (১৩ মে) দুপুরে মহিলা সংস্থার হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক রুবেল আহমদ এবং জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, হাওরাঞ্চলের কৃষকদের দুঃখ-কষ্ট নিয়ে তাঁর বাস্তব অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন, “আমি যখন সুনামগঞ্জের দিরাইয়ে ইউএনও হিসেবে কর্মরত ছিলাম, তখন ২০১৭ সালের ভয়াবহ বন্যায় কৃষকদের চরম দুর্ভোগ খুব কাছ থেকে দেখেছি। পরবর্তীতে মৌলভীবাজারের রাজনগরে দায়িত্ব পালনকালেও কৃষকদের নানা কষ্ট প্রত্যক্ষ করেছি।”
তিনি জানান, কৃষকদের সমস্যা সমাধানে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে এবং পর্যায়ক্রমে সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ ও কৃষি কার্ড প্রদান করা হবে। তিনি বলেন, সরকার ক্ষমতায় আসার পর থেকেই ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করেছে এবং মৌলভীবাজার জেলাতেও এর কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
এ ছাড়া মৌলভীবাজারে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি ইমাম, খতিব ও ধর্মীয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানী প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন জেলা প্রশাসক।
তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলার প্রসারেও সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, নতুন করে ক্রীড়াচর্চার মাধ্যমে যুবসমাজের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আরও জানান, শ্রীমঙ্গল বাইপাস সড়ক নির্মাণ, সাইফুর রহমান স্টেডিয়ামের সংস্কার এবং ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছে। এসব বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :