কুড়িগ্রামে হজ শেষে ফেরা হাজীদের সংবর্ধনা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় পবিত্র হজ পালন শেষে দেশে ফেরা নবাগত হাজীদের সংবর্ধনা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে হিযবুল আরাফাত কচাকাটা থানা, নাগেশ্বরী, কুড়িগ্রাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. খোদাদাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর প্রতিনিধি, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কচাকাটা সাব-জোনাল অফিসের এ.জি.এম. এবং পশ্চিম পয়রা দাগ আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুল মান্নান।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলদিয়া, কেদার, বল্লভেরখাস, কচাকাটা ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আলেম-ওলামা, জনপ্রতিনিধি, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত মাওলানা মুফতী হানিফ উদ্দিন, সভাপতি, হিযবুল আরাফাত কচাকাটা থানা এবং অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, গোলেরহাট ফাজিল মাদরাসা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম ও আলহাজ মোহাম্মদ শামসুল হুদা।

আলোচনা সভায় বক্তারা পবিত্র হজের শিক্ষা, আত্মশুদ্ধি, ত্যাগ, তাকওয়া এবং ইসলামের মানবিক আদর্শ সমাজে বাস্তবায়নে হাজীদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, হজের মাধ্যমে অর্জিত নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ ব্যক্তি, পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করে।

পরে নবাগত হাজীগণকে ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, ঐক্য ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আন্তরিকতা এবং বিপুল সংখ্যক মুসল্লি ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। অংশগ্রহণকারীরা আয়োজকদের এমন মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

 

Link copied!